লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি সরকারি খাসপুকুর প্রভাবশালীদের বিরুদ্ধে জবরদখল করে ইমারত নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভাটরা ইউনিয়নের দল্টা বাজারে। গতকাল মঙ্গলবার দল্টা বাজারে গিয়ে দেখা যায়, জেলা প্রশাসনের নিয়ন্ত্রিত ক শ্রেণির খাসভুক্ত একটি পুকুর স্থানীয় কয়েকজন ব্যক্তি পানি সেঁচে পাকা ইমারত নির্মাণের মাধ্যমে জবরদখল করে নিয়েছেন।
এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিলেও তা মানা হচ্ছে না। এ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। ইউনিয়ন ভূমি তহশিল অফিস সূত্র জানায়, দল্টা বাজারে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন দুটি পুকুর রয়েছে, যা প্রতি মৌসুমে লিজ দিয়ে রাজস্ব আয় করা হয়। কিন্তু বিগত বছরগুলোতে প্রভাবশালী মহল পুকুর পাড় দখল করে পাকা ব্যবসাপ্রতিষ্ঠানসহ ইমারত নির্মাণ করেছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি স্থানীয় মহলটি বাজারের মধ্যে একটি পুকুর পানি সেঁচে পাকা ইমারত নির্মাণের কাজ শুরু করে। ইউনিয়ন তহশিলদার জহিরুল ইসলাম জানান, এ ধরনের জবরদখল কাজে অনেকেই জড়িত এবং তারা মারমুখী হওয়ায় কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। পুকুরের লিজ গ্রহীতা ইব্রাহীম মিঝি জানান, পুকুরগুলোর চারপাশ এমনভাবে দখল হয়েছে যে সেখানে যাতায়াতের রাস্তাও নেই। তবে, কাজ শুরু করা জসিম পাল নামের এক ব্যক্তি জানান, ইউএনও অনুমতি দিলে তারা আবার কাজ শুরু করবেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান বলেন, সরকারি সম্পত্তি দখলের কোনো সুযোগ নেই এবং দল্টায় পুকুর জবরদখলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 





















