শিরোনাম: নওগাঁয় দুই প্রার্থীর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, কারণ দর্শানোর নোটিশ
নওগাঁ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৫ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপি ও জামায়াত মনোনীত দুই প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারি) এ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং জয়পুরহাট সিভিল জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান নূর পৃথকভাবে এই নোটিশ দুটি পাঠান।
নোটিশে উল্লিখিত অভিযোগের ভিত্তিতে আগামী ১৮ জানুয়ারি বেলা ১১টা ৩০ মিনিটে জেলা ও দায়রা জজ আদালত, নওগাঁ ভবনে অবস্থিত সিভিল জজ আদালত, বদলগাছী কার্যালয়ে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। কেন তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না বা কোনো বিচারিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
জামায়াত প্রার্থী আবু সাদাত মো. সায়েমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নির্বাচনী প্রচারণার অভিযোগ আনা হয়েছে। ‘দাড়ি পাল্লায় ভোট দিন’ লোগো সম্বলিত ছবিসহ তার ছবি ব্যবহার করে ‘আ স ম সায়েম’ নামের ফেসবুক পেজ থেকে গত ১০ ও ৩ জানুয়ারি পোস্ট দেওয়া হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এছাড়াও, নওগাঁ সদর পৌরসভার বিভিন্ন স্থানে এবং বিভিন্ন যানবাহনে (অটো, রিক্সা, সিএনজি) তার নাম ও ছবি সংবলিত স্টিকার ও পোস্টার লাগিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর বিষয়টিও নির্বাচনী অনুসন্ধান কমিটির দৃষ্টিগোচর হয়েছে। এই কার্যক্রম জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ১৮ বিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে প্রতীয়মান হয়েছে।
এ বিষয়ে জামায়াত প্রার্থী আবু সাদাত মো. সায়েম বলেন, তিনি নোটিশ পেয়েছেন এবং যেসব পোস্টার দেখা গেছে সেগুলো তফসিল ঘোষণার আগেই লাগানো ছিল। তফসিল ঘোষণার পর অনেক ব্যানার-পোস্টার সরিয়ে ফেলা হয়েছে, তবে কিছু হয়তো থেকে যেতে পারে। তিনি ১৮ তারিখে সশরীরে হাজির হয়ে আদালতের কাছে লিখিত ব্যাখ্যা দেবেন বলে জানিয়েছেন।
অন্যদিকে, বিএনপি প্রার্থী জাহিদুল ইসলামের বিরুদ্ধে এক মিলাদ মাহফিলে তার উপস্থিতিতে এক বক্তার বিএনপির পক্ষে ভোট চাওয়ার অভিযোগ আনা হয়েছে। এই ঘটনাও জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ১৮ বিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে কমিটির কাছে প্রতীয়মান হয়েছে।
বিএনপি প্রার্থী জাহিদুল ইসলাম এ বিষয়ে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নওগাঁ পৌরসভায় আয়োজিত একটি দোয়া ও মিলাদ মাহফিলে তাদের দলের এক নেতা বিএনপির পক্ষে ভোট চেয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। সরাসরি তার বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়নি। তিনি জানান, অভিযোগের বিষয়ে ১৮ তারিখে তিনি সশরীরে হাজির হয়ে আদালতের কাছে লিখিত ব্যাখ্যা দেবেন।
রিপোর্টারের নাম 























