দীর্ঘ ২৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দামামা বেজেছে। এই নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রয়োজন ও আধুনিক ক্যাম্পাসের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে ২৮ দফার এক বিস্তারিত ইশতেহার ঘোষণা করেছে ছাত্রশিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেল।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই নির্বাচনী ইশতেহার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। প্যানেলের পক্ষে সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী দেলওয়ার হাসান শিশির এবং সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম শিক্ষার্থীদের সামনে তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
ঘোষিত ইশতেহারে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই কর্নার’ স্থাপন এবং অভ্যুত্থানে জড়িতদের বিচার প্রক্রিয়া নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া গণতান্ত্রিক ধারা বজায় রাখতে প্রতি বছর নিয়মিত শাকসু নির্বাচনের আয়োজন নিশ্চিত করতে একে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে প্যানেলটি।
শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে শতভাগ আবাসিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি অনাবাসিক শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবহন ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইশতেহারে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর খাবার নিশ্চিত করা, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত মেডিকেল সেন্টার গড়ে তোলা এবং ক্যাম্পাসে আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখার কথা বলা হয়েছে।
একাডেমিক ও ক্যারিয়ার উন্নয়নে গুরুত্ব দিয়ে ইশতেহারে বলা হয়েছে, শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রম বৃদ্ধি, উচ্চশিক্ষা মেন্টরিং, সফট স্কিল ডেভেলপমেন্ট এবং আন্তর্জাতিক সংযোগ জোরদারে কাজ করবে এই প্যানেল। প্রযুক্তিগত সুবিধার আওতায় টিউশন অ্যাপ চালু, স্মার্ট ক্যাম্পাস সলিউশন এবং বৃত্তি কার্যক্রম বাড়ানোর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
নারীবান্ধব ক্যাম্পাস গড়ার লক্ষ্যে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, অনলাইন হয়রানি বন্ধে ‘সাইবার সেল’ গঠন এবং র্যাগিং ও সব ধরনের নিপীড়নমুক্ত ক্যাম্পাস গড়ার অঙ্গীকার করেছে ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’। এছাড়া স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার মাধ্যমে দুর্নীতিমুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টিও ইশতেহারে স্থান পেয়েছে।
ইশতেহার ঘোষণা শেষে ভিপি পদপ্রার্থী দেলওয়ার হাসান শিশির বলেন, “২৮ বছর পর শাবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের বঞ্চনা আর বর্তমান সময়ের বাস্তব চাহিদাকে সমন্বয় করেই আমরা এই ২৮ দফা প্রণয়ন করেছি। আমরা চাই একটি আধুনিক ও নিরাপদ ক্যাম্পাস।”
উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি বহুল প্রতীক্ষিত শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
রিপোর্টারের নাম 























