মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি স্মৃতি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর জমকালো উদ্বোধন হয়েছে। গত বুধবার রাতে উপজেলার ২ নং ভুনবীর ইউনিয়নের ভীমশি বাবুর বাজার খেলার মাঠে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম. ইদ্রিছ আলী। সমাজকল্যাণ সংস্থা ভুনবীর আয়োজিত এবং কৃপাময়ী যুব সংঘের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই ক্রীড়া আসরে যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও ঐক্যবদ্ধ সমাজ গঠনে খেলার গুরুত্ব তুলে ধরা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম. ইদ্রিছ আলী বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে একটি সুস্থ, সুন্দর ও ঐক্যবদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও যোগ করেন, শহীদদের স্মরণে এ ধরনের ক্রীড়া আয়োজন নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, শৃঙ্খলা ও সৌহার্দ্যবোধ জাগিয়ে তুলতে সহায়ক হবে। এমন মহৎ উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি।
নকআউট পদ্ধতিতে পরিচালিত এই টুর্নামেন্টে আন্তঃজেলার মোট ৩২টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় চুনারুঘাটের ইসলামপুর একতা যুব সংঘ এবং সাইফ চা বাগানের ইয়াং ব্রাদার্স স্পোর্টিং ক্লাব। নির্ধারিত ৩০ মিনিটের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি গোলশূন্য ড্র হয়। পরবর্তীতে ট্রাইব্রেকারে ইসলামপুর একতা যুব সংঘ চুনারুঘাট ৪–৩ গোলে জয়লাভ করে টুর্নামেন্টের শুভ সূচনা করে। ম্যাচে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য ইসলামপুর একতা যুব সংঘের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় ইমন ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।
খেলা শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুস শহীদ। স্বাগত বক্তব্য রাখেন সমাজকল্যাণ সংস্থা ভুনবীরের সভাপতি তোফায়েল আহমেদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং ভুনবীর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মানবাধিকার কর্মী মো. লোকমান মিয়া এবং ২ নং ভুনবীর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক ও সমর্থকরা উপস্থিত থেকে উদ্বোধনী ম্যাচ উপভোগ করেন।
রিপোর্টারের নাম 
























