চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কলহের জেরে শিশু সন্তানকে নিয়ে খালে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক গৃহবধূ। এই মর্মান্তিক ঘটনায় ৮ বছর বয়সী কন্যাসন্তানের মৃত্যু হলেও মা জীবিত উদ্ধার হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের ইছামতী খালে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম রাইসা (৮)। তার মা জান্নাতুল ফেরদৌস (৩২) বর্তমানে আশঙ্কামুক্ত অবস্থায় রয়েছেন। জান্নাতুল ফেরদৌস উপজেলার চাতরী এলাকার বাসিন্দা এবং তার শ্বশুরবাড়ি সৈয়দ কুচাইয়া এলাকায়। তার স্বামী মো. কাইছার বর্তমানে প্রবাসে অবস্থান করছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আনোয়ারা সদর এলাকার ইছামতী খালের খাদ্যগুদাম সংলগ্ন সেতুর নিচে মা ও মেয়েকে পানিতে ভাসতে দেখেন পথচারীরা। দ্রুত বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু রাইসাকে মৃত ঘোষণা করেন। তবে মা জান্নাতুল ফেরদৌসকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জীবন রক্ষা করা সম্ভব হয়।
নিহত রাইসার মামাতো ভাই মহিন জানান, তার ফুফা প্রবাসে থাকেন। তাদের পরিবারে দৃশ্যত কোনো বড় ধরনের অশান্তি ছিল না বলে তিনি দাবি করেন। তবে ঠিক কী কারণে এমন চরম সিদ্ধান্ত নেওয়া হলো, তা এখনো পরিবারের কাছে অস্পষ্ট।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মুসরাত জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মা ও মেয়েকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়। তবে তার মায়ের অবস্থা স্থিতিশীল থাকায় প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
রিপোর্টারের নাম 






















