বিএনপি চেয়ারপারসন তারেক রহমান আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন। এই সফরের অংশ হিসেবে সিলেট বিভাগে তিনি মোট তিনটি জনসভায় বক্তব্য রাখবেন। এরই মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা ভবন নির্মাণের জন্য প্রস্তুতকৃত বিশাল মাঠটি জনসভার জন্য প্রস্তুত করা হচ্ছে। এই উপলক্ষ্যে জেলা ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।
বুধবার দুপুরে সরেজমিনে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের মাঠে গিয়ে দেখা গেছে, স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মাঠ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন। একই দিনে পুলিশ সুপার ইয়াছমিন আক্তারও মাঠ পরিদর্শন করেছেন।
অন্যদিকে, তারেক রহমানের আসন্ন আগমনকে কেন্দ্র করে বুধবার রাতে শায়েস্তাগঞ্জ শহরে একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় হবিগঞ্জের চারটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং হবিগঞ্জ-৩ আসনের প্রার্থী জি কে গউছ জানান, তারেক রহমানের সিলেট সফরের পূর্ণাঙ্গ কর্মসূচি এখনো কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হয়নি। তবে আগামী দুই একদিনের মধ্যেই তা জানানো হবে। মঞ্চের অবস্থান, আকার এবং মঞ্চে কারা উপস্থিত থাকবেন সে বিষয়েও কেন্দ্র থেকে নির্দেশনা আসবে। তবে ধারণা করা হচ্ছে, এই জনসভায় দুই লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে।
যৌথসভায় হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী সৈয়দ মো. ফয়সল, হবিগঞ্জ-২ আসনের প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন এবং অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জি কে গউছ আরও জানান, ২০০৫ সালে তারেক রহমান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে সিলেটে এসেছিলেন।
রিপোর্টারের নাম 






















