ফেনীর দাগনভূঞা উপজেলায় চার বছর বয়সী শিশু আজিমুল ইসলাম আরাফের নিখোঁজ হওয়ার ১১ দিন অতিবাহিত হলেও এখনো তার সন্ধান মেলেনি। শিশুটির পরিবার ও স্বজনরা গভীর উৎকণ্ঠা ও অসীম দুশ্চিন্তায় দিন অতিবাহিত করছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের মুন্সিবাড়ী এলাকায় করমুল্যাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আরাফ খেলাধুলা করছিল। কিছুক্ষণের মধ্যেই সে সকলের অগোচরে হারিয়ে যায়। এরপর থেকে সম্ভাব্য সকল স্থানে তল্লাশি চালানো হলেও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ আরাফ করমুল্যাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিবি আয়েশা এবং নেসলে মার্কেটিং অফিসার গাজী মোহাম্মদ কাউসার দম্পতির কনিষ্ঠ সন্তান।
শিশুটির বাবা গাজী মোহাম্মদ কাউসার জানান, ঘটনার দিন আরাফ তার মায়ের সঙ্গে বিদ্যালয়ে গিয়েছিল। সে সময় তার মা বিদ্যালয়ের বই বিতরণ ও প্রশাসনিক কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে সবার অলক্ষ্যে আরাফ হারিয়ে যায়। সন্তানকে হারিয়ে পরিবারটি চরম মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছে।
এ বিষয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সাইফুল ইসলাম বলেন, নিখোঁজ হওয়ার স্থানটির আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, আত্মীয়স্বজন ও সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলে শিশুটিকে উদ্ধারের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 






















