মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর ভর্তি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থী জাহাঙ্গীর আলম শান্তকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শান্তকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাকে উপহার সামগ্রীও প্রদান করা হয়।
এ সময় তারেক রহমান বলেন, শান্ত শুধু পরিবারের নয়, বরং সমগ্র বাংলাদেশের গর্ব। তিনি বলেন, এই অর্জন দেশের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা। শান্তর বাবা মিজানুর রহমানও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চলতি শিক্ষাবর্ষে ১ লাখ ২০ হাজার ৪৪০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে দেশসেরা নির্বাচিত হন শান্ত। তার গ্রামের বাড়ি নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারের চর গ্রামে। তার বাবা মো. মিজানুর রহমান একজন মুদি ব্যবসায়ী এবং মা ফেরদোসী বেগম গৃহিণী।
শান্ত নিজ উপজেলার বারৈচা রেসিডেন্সিয়াল স্কুল থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন করেন। পরবর্তীতে তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস লাভ করেন। তিনি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং প্রাপ্ত নম্বর ৯১.২৫।
রিপোর্টারের নাম 






















