পাবনার চাটমোহর উপজেলায় এক মাংস বিক্রেতার বিরুদ্ধে শিয়ালের মাংস বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার হরিপুর ইউনিয়নে ঘটিত এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হরিপুর ইউনিয়নের আফজালপাড়া গ্রামের আশরাফুল নামে এক মাংস বিক্রেতা গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে নিজের বাড়িতে শিয়াল শিকার করেন। পরে সেই শিয়ালের মাংস হরিপুর বাজারে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যান। বাজারে মাংস বিক্রির সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে এবং তারা আশরাফুলকে বাধা দেন।
পরিস্থিতি বেগতিক দেখে আশরাফুল কৌশলে শিয়ালের মাংস ধুলাউড়ি গ্রামের আক্কাস চেয়ারম্যানের জোলার ব্রিজের নিচে পুঁতে ফেলার চেষ্টা করেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে ধাওয়া করলে আশরাফুল মাংস ফেলে দ্রুত পালিয়ে যান।
এ বিষয়ে চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং শিয়ালের মাংস বিক্রির চেষ্টার সত্যতা প্রাথমিকভাবে পাওয়া গেছে। তারা লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 






















