কক্সবাজারের উখিয়াতে গভীর রাতে পাহাড় কাটার সময় একটি ডাম্পার গাড়ি জব্দ করেছে বন বিভাগ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উখিয়া ও রাজারকুল রেঞ্জের যৌথ অভিযানে আপাররুজু বিটের থোয়াইংগাকাটা এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযান চলাকালে পাহাড় কাটার কাজে ব্যবহৃত ডাম্পারটি জব্দ করা হলেও চালক কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত গাড়ির কোনো বৈধ কাগজপত্র না থাকায় তাৎক্ষণিকভাবে এর মালিককে শনাক্ত করা যায়নি।
বন বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার বিষয়ে অভিযোগ আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ও রাজারকুল রেঞ্জের বনকর্মীরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। অভিযান টের পেয়ে পাহাড় কাটার সাথে জড়িত ব্যক্তিরা পালিয়ে গেলেও বন বিভাগ ডাম্পারটি জব্দ করতে সক্ষম হয়।
এই বিষয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা শাহিনুর ইসলাম জানান, বনভূমি ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে বন বিভাগ কঠোরভাবে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। পাহাড় কাটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং এই ঘটনায় বন আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রশাসন তার অবস্থান থেকে কাজ করে যাচ্ছে।
রিপোর্টারের নাম 
























