নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গভীর রাতে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা বাধা দিতে গেলে গৃহকর্তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় তারা নগদ টাকা ও মূল্যবান স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত প্রায় সোয়া ২টার দিকে আড়াইহাজার থানার সাতগ্রাম ইউনিয়নের পাঁচগাঁও এলাকার মিন্টু ভূঁইয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। আহত মিন্টু ভূঁইয়া (৬০) ওই এলাকার মৃত কামাল উদ্দিন ভূঁইয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ৮ থেকে ১০ জন মুখোশধারী ডাকাত দল দেশি অস্ত্র নিয়ে রাতের অন্ধকারে বাড়ির সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এরপর তারা মূল ফটকের তালা ভেঙে বাড়ির দরজা ভেঙে ঘরে ঢোকে।
ডাকাতেরা অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে। তারা গৃহকর্তা মিন্টু ভূঁইয়ার কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা এবং তার স্ত্রী শিরিন হোসেনের গলায় থাকা চেইন, হাতে থাকা ব্রেসলেট ও আংটিসহ প্রায় চার ভরি ওজনের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।
এসময় মিন্টু ভূঁইয়া ডাক-চিৎকার করার চেষ্টা করলে ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতেরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
স্থানীয়রা আহত মিন্টু ভূঁইয়াকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন জানান, ঘটনার সাথে জড়িত ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 
























