গাজীপুরের টঙ্গীতে জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দুই প্রভাবশালী নেতা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বুধবার সন্ধ্যায় টঙ্গীবাজারের ৫৭নং ওয়ার্ড জামায়াত কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তারা নতুন দলে যোগ দেন।
যোগদানকারী নেতাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং গাজীপুর মহানগর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত এবং বৃহত্তর টঙ্গী থানা বিএনপির সাবেক সদস্য সোহারাব উদ্দিন।
এই যোগদান অনুষ্ঠানে জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের নায়েব আমীর ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ হোসেন আলী, গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ আফজাল হোসেন, ৫৭নং ওয়ার্ড জামায়াতের আমীর মাওলানা ওবায়দুল হক এবং জামায়াত নেতা আব্দুল মালেক আকন্দসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জামায়াতে যোগদানের পর প্রতিক্রিয়ায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত বলেন, তিনি বিশ্বাস করেন জামায়াতে ইসলামীর মাধ্যমে দেশে দ্বীন প্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী আল্লাহ ও আল্লাহর রাসুলের পথে পরিচালিত হয়। দীর্ঘ আত্ম-সমালোচনা ও চিন্তাভাবনার পর ইসলামী আদর্শে জীবন পরিচালনার সিদ্ধান্ত থেকেই তিনি এই দলে যোগ দিয়েছেন। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন তাদেরকে মৃত্যু পর্যন্ত মুজাহিদ হিসেবে কবুল করেন। জিয়াউর রহমানের আমল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, আজ তিনি স্বেচ্ছায় জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
অন্যদিকে, সোহারাব উদ্দিন জানান, তারা আজ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বিএনপির নেতারা জিজ্ঞাসা করলে তারা স্পষ্টভাবেই জানাবেন যে তারা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তিনি আরও বলেন, এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দেওয়া হবে।
রিপোর্টারের নাম 
























