ইরানে সরকারবিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন ও হত্যাকাণ্ড বন্ধ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি নিশ্চিত হয়েছেন যে ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের হত্যা করা থেকে বিরত রয়েছে। একইসঙ্গে দেশটিতে আটক আন্দোলনকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের যে পরিকল্পনা ছিল, তাও আপাতত স্থগিত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তবে এই স্পর্শকাতর তথ্যের সুনির্দিষ্ট উৎস সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি ডোনাল্ড ট্রাম্প। তথ্যের সত্যতা নিশ্চিত করে তিনি কেবল বলেন, অত্যন্ত নির্ভরযোগ্য ও ‘গুরুত্বপূর্ণ একটি সূত্র’ থেকে তিনি এই বিষয়টি জানতে পেরেছেন।
উল্লেখ্য, ইরানে জ্বালানির মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক সংকটের জেরে শুরু হওয়া বিক্ষোভ দমনে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য বিশেষ তাৎপর্য বহন করছে। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা এর আগে ইরানে বিক্ষোভ দমনে ব্যাপক প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছিল। ট্রাম্পের এই নতুন দাবি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
রিপোর্টারের নাম 






















