কক্সবাজারের টেকনাফ উপজেলায় নৌবাহিনী, কোস্ট গার্ড ও পুলিশের এক যৌথ অভিযানে প্রায় চার কোটি টাকা বাজারমূল্যের ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে লেদা এলাকায় এই যৌথ অভিযান চালানো হয়।
অভিযানিক দলটি সন্দেহজনক কয়েকটি অটোরিকশায় তল্লাশি শুরু করলে, ইয়াবা বহনকারী একটি অটোরিকশার চালক গাড়িটি রাস্তার ঢালে ফেলে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে পালিয়ে যায়। চালকবিহীন ওই অটোরিকশায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা। এ সময় ইয়াবা বহনকারী অটোরিকশাটিও জব্দ করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ইয়াবা ও অটোরিকশাটি টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























