দেশের সীমান্তজুড়ে চোরাচালানের লাগাম টানতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত থাকলেও তা পুরোপুরি দমন করা সম্ভব হচ্ছে না। অরক্ষিত সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করছে নিম্নমানের ভারতীয় পণ্য, যা কেবল দেশের অর্থনীতিকেই ক্ষতিগ্রস্ত করছে না, জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
মঙ্গলবার ও বুধবার দুইদিনব্যাপী সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে। বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, এই সমন্বিত অভিযানে সংগ্রাম, প্রতাপপুর, তামাবিল, সোনারহাট, মিনাটিলা শ্রীপুর, পান্থুমাই, কালাইরাগ, দমদমিয়া এবং বাংলাবাজার সীমান্ত এলাকা থেকে এসব পণ্য আটক করা হয়।
অভিযানে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় কিছু রসুনও জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো ভারতীয় সানগ্লাস, শীতের কম্বল, শাড়ি, ইস্কফ সিরাপ, মহিষ, গরু, জিরা, কমলা, সুপারি, চিনি, বাটার, চকলেট, বিস্কুট, ফুচকা, বিয়ার, মদ এবং পেঁয়াজ।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, সীমান্তে নিরাপত্তা জোরদারকরণ এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা নিরন্তর চলছে। এই ধারাবাহিকতায় উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হয়েছে। জব্দকৃত মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তারা নিশ্চিত করেছেন।
রিপোর্টারের নাম 
























