কক্সবাজারের মহেশখালীতে আনন্দভ্রমণে এসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নবগঠিত উপজেলা কমিটির পাঁচ শীর্ষ নেতা র্যাবের হাতে আটক হয়েছেন। মঙ্গলবার রাতে তাদের আটক করা হয় বলে জানা গেছে।
আটককৃতদের মধ্যে কিশোরগঞ্জের কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে থাকা নেতারা রয়েছেন। এদের মধ্যে কটিয়াদী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সম্রাট আলমগীর, সাধারণ সম্পাদক মো. রনি খান শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাকিব, সামাদ উল্লাহ এবং পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন রয়েছেন।
কটিয়াদী মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মহেশখালী থেকে তাদের আটক করে র্যাব। খবর পেয়ে রাতেই কটিয়াদী মডেল থানা পুলিশের একটি বিশেষ দল তাদের গ্রেফতার করে নিয়ে আসার জন্য কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়।
আটককৃত নেতাদের বিরুদ্ধে কটিয়াদী মডেল থানা এবং কিশোরগঞ্জ সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি তারিখে কটিয়াদী উপজেলা ছাত্রলীগের একটি নতুন কমিটি কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে অনুমোদন লাভ করে এবং তা প্রকাশ করা হয়। তবে এই সংগঠনটি পরবর্তীতে নিষিদ্ধ ঘোষিত হয়।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কক্সবাজার থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোট পাঁচ নেতাকে আটক করা হয়েছে। এদের মধ্যে চারজন কটিয়াদী উপজেলার এবং একজন পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত মামলাগুলোর তদন্ত অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 
























