নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং দলটির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের উপর নির্বাচনী প্রচারণার সময় হামলার চেষ্টা চালানো হয়েছে। এ সময় প্রার্থীকে রক্ষা করতে গিয়ে দলের দুই কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশক্তির যুগ্ম সদস্য সচিব মারুফ এবং ফতুল্লা থানা ছাত্রশক্তির সংগঠক আবু তাহের।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ বাঁশমুলি এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও এনসিপি প্রার্থীর দেওয়া তথ্য অনুযায়ী, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে গণসংযোগে অংশ নিয়েছিলেন। এসময় প্রায় ৪০ থেকে ৫০ জন কর্মীও তার সঙ্গে ছিলেন। গণসংযোগ চলার এক পর্যায়ে এক যুবক তাদের অনুসরণ করতে থাকে। সন্দেহ হওয়ায় তাকে থামিয়ে তল্লাশি করলে তার জামার ভেতর থেকে একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে ওই যুবক তার সঙ্গীদের ডাকলে একদল কিশোর তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনকে নিরাপদে গাড়িতে তুলে দেন তার কর্মীরা। তবে কিশোর গ্যাংয়ের হামলায় মারুফ ও আবু তাহের গুরুতর আহত হন। এই সুযোগে অস্ত্রধারী যুবকটি পালিয়ে যেতে সক্ষম হয়।
অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি বিষয়টি প্রশাসনকে অবহিত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, “খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠিয়েছি। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি এবং জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
রিপোর্টারের নাম 
























