নির্বাচনে ‘ফ্যাসিবাদের চিহ্নিত দোসরদের’ অংশগ্রহণের সুযোগ না দেওয়ার দাবিতে ফরিদপুরে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ফরিদপুর জেলা শাখা। বুধবার রাতে ফরিদপুর প্রেসক্লাব চত্বর থেকে এই মশাল মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ইমাম উদ্দিন চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘ফ্যাসিবাদের ঠিকানা.. এই বাংলায় হবে না’, ‘একটা একটা লীগ ধর.. ধইরা ধইরা জেলে ভর’—ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে থাকে।
পরে ইমাম উদ্দিন চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কাজী রিয়াজের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রতিক ছাত্র আন্দোলনে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেখানে আমরা আশাহত। যারা শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছিল, তারা এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের পুনর্গঠন বা পুনর্বাসন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যারা এতদিন আওয়ামী লীগের ম্যান্ডেট নিয়ে কাজ করেছে, তাদের শুধু সংসদ সদস্য নির্বাচন কেন, রাজনীতিতেও দেখতে চান না তারা। ভালো আওয়ামী লীগার সেজে যারা রাজনীতি করতে চাইবেন, তাদেরও প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল চৌধুরী এবং সদস্য সচিব আনিসুর রহমান সজল। এ সময় তারা দ্রুততম সময়ে ‘ফ্যাসিবাদের দোসরদের’ মনোনয়ন বাতিল না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন।
রিপোর্টারের নাম 
























