নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর ও জাঙ্গাইলা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, মাদকদ্রব্য ও নগদ টাকাসহ সাতজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ দল। আটককৃতদের মধ্যে অন্যতম হলেন এলাকার পরিচিত ‘গডফাদার’ জামাল উদ্দিন খোকা ও তার স্ত্রী। বুধবার (১৪ জানুয়ারি) ভোররাতে পরিচালিত এই অভিযানে একটি আগ্নেয়াস্ত্র, বিপুল সংখ্যক ইয়াবা, ফেনসিডিল, বিদেশি মদ এবং ১৫ লাখেরও বেশি টাকা উদ্ধার করা হয়।
বুধবার ভোররাত ৩টার দিকে লে. কর্নেল শামীম রহমান, পিএসসি সিগস্ (৯ সিগন্যাল ব্যাটালিয়ন)-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট।
আটককৃতরা হলেন— শিবপুর উপজেলার কারারচর এলাকার মো. মিজান মিয়ার ছেলে জামাল উদ্দিন খোকা (৭০), তার স্ত্রী সেলিনা বেগম (৫০), শাহাপুর গ্রামের শাহাজালাল আহমেদ সানির স্ত্রী শম্পা (২৪), জাঙ্গাইলা এলাকার মফিজ উদ্দিনের ছেলে আলমগীর (৩৭), আওয়ালের স্ত্রী শামসু নাহার (৫০), মৃত শুক্কুর আলীর ছেলে আজিজুল মিয়া (৩২) এবং ফরিদ মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২০)।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে একটি আগ্নেয়াস্ত্র (দুটি কার্তুজসহ), পিস্তলের তিনটি ম্যাগাজিন, এক হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ছয়টি ফেনসিডিলের বোতল, নয়টি বিদেশি মদের বোতল, নগদ ১৫ লাখ ৪০ হাজার ১০০ টাকা, ১৩টি স্মার্টফোনসহ মোট ১৭টি মোবাইল ফোন, দুটি সামুরাই, দুটি নকল পিস্তল, দুটি রামদা ও একটি ল্যাপটপ।
আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য, অস্ত্রসহ অন্যান্য সামগ্রী শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 
























