বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, তিনি তার বাকি জীবন জনগণের কল্যাণে উৎসর্গ করবেন। গত বুধবার (১৪ জানুয়ারি) তারাগঞ্জ উপজেলার একটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অঙ্গীকার করেন। এই সময় তিনি দীর্ঘ ১৪ বছর কারাভোগ এবং ফাঁসির দণ্ডাদেশ থেকে আল্লাহর রহমতে মুক্তির কথা উল্লেখ করেন, যেখানে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে বলে দাবি করেন।
জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম তার বক্তৃতায় বলেন, “আমি হাসিনার নিপীড়ন-অত্যাচারের শিকার হয়ে দীর্ঘ ১৪ বছর জেলে ছিলাম। এক পর্যায়ে আমার ফাঁসির আদেশও হয়েছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমার বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় আমি মুক্তি পেয়েছি।” তিনি আরও উল্লেখ করেন, জীবনে তার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার আর কিছু নেই।
আজহারুল ইসলাম জানান, তার যা কিছু স্থাবর-অস্থাবর সম্পত্তি ছিল, সবই তিনি জনকল্যাণে দান করে দিয়েছেন। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি দৃঢ়কণ্ঠে বলেন, “বাকি জীবন আমি আপনাদের খেদমতে কাজ করে যেতে চাই। জনগণের কল্যাণে বাকি জীবন উৎসর্গ করব— এটাই আমার দৃঢ় আশ্বাস।”
তারাজঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের ডারারপাড়ে আয়োজিত এই উঠান বৈঠকটি গত বুধবার (১৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির এস এম আলমগীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির শাহ মোহাম্মদ রুস্তম আলী, ইয়াকুব আলী এবং প্রভাষক আমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
রিপোর্টারের নাম 
























