যশোর শহরের আলোচিত ও চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সাব্বির হোসেন ওরফে গোল্ডেন সাব্বিরকে অস্ত্র ও বিপুল পরিমাণ ককটেলসহ গ্রেপ্তার করেছে র্যাব-৬। মঙ্গলবার গভীর রাতে শহরের ঘোপ সেন্ট্রাল রোডের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও ১৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঘোপ সেন্ট্রাল রোডের একটি চারতলা ভবনের চতুর্থ তলার একটি ভাড়া ফ্ল্যাটে অভিযান চালায় র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। অভিযানকালে ওই ফ্ল্যাট থেকে সাব্বিরকে আটক করা হয়। আটকের পর ফ্ল্যাটটিতে তল্লাশি চালিয়ে রান্নাঘর থেকে একটি পিস্তল এবং তার খাটের পাশ থেকে ১৫টি ককটেল উদ্ধার করা হয়। র্যাব কমান্ডার মেজর ফজলে রাব্বি এই অভিযানে নেতৃত্ব দেন।
আটক সাব্বির শহরের চাঁচড়া রায়পাড়ার মশিয়ার রহমান খোকনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঘোপ সেন্ট্রাল রোডের ওই ভাড়া ফ্ল্যাটে বসবাস করে আসছিলেন এবং সেখান থেকেই তার অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও পরিচালনা করতেন বলে র্যাব জানিয়েছে।
র্যাবের তথ্য অনুযায়ী, গোল্ডেন সাব্বির দুটি হত্যা মামলাসহ মোট ১০টি মামলার আসামি। তিনি দীর্ঘদিন ধরে যশোরের অপরাধজগতের অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। এর আগেও ২০২০ সালে তাকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়েছিল।
সম্প্রতি যশোর শহরের বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে খুন হওয়া সন্ত্রাসী তানভীর হত্যা মামলার অন্যতম আসামি এই গোল্ডেন সাব্বির। এছাড়াও, চলতি মাসে খুন হওয়া বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যায় তার কোনো সম্পৃক্ততা আছে কিনা, সে বিষয়েও তদন্ত চলছে বলে র্যাব জানিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোল্ডেন সাব্বিরের কাছ থেকে বড় ধরনের নাশকতার পরিকল্পনার তথ্যও পাওয়া গেছে বলে র্যাব সূত্রে জানা গেছে।
রিপোর্টারের নাম 























