ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কের পাশের একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাটাখালী এলাকায় অবস্থিত পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সংলগ্ন স্থান থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ওই এলাকায় রাস্তার পাশের একটি ডোবায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন আশুরা বেগম নামে এক গৃহবধূ। বিষয়টি তাৎক্ষণিকভাবে তিনি স্থানীয় গ্রাম পুলিশকে জানান। খবর পেয়ে গ্রাম পুলিশ সদস্য আবুল ফকির ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সদরপুর থানা পুলিশকে অবহিত করেন। স্থানীয়দের দাবি, মরদেহের মুখে রক্তের দাগ লক্ষ্য করা গেছে।
এ বিষয়ে গ্রাম পুলিশ আবুল ফকির জানান, সকাল ৮টার দিকে এক নারী পথচারী প্রথম মরদেহটি দেখতে পান। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান এবং বিষয়টি সদরপুর থানায় জানান। পরবর্তীতে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন শাহ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিচয় শনাক্তের জন্য ইতিমধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে।
ওসি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রিপোর্টারের নাম 
























