চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাঁড়াল ডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৭ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে। বুধবার ভোরে তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়। পরে সকালে বিজিবির টহলরত সদস্যরা তাদের আটক করে গোমস্তাপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।
আটককৃতদের মধ্যে আটজন পুরুষ, পাঁচজন নারী এবং চারজন শিশু রয়েছে। তারা সবাই খুলনা ও যশোর জেলার বাসিন্দা বলে জানা গেছে। বিজিবির চাঁড়ালডাঙ্গা বিওপির টহলরত সদস্যরা সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের ভেতরে শিবনগর এলাকা থেকে তাদের আটক করে।
পুশইন হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, তারা বাংলাদেশেরই নাগরিক। কাজের সন্ধানে বেশ কয়েক বছর আগে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে তিন বছর কারাভোগের পর সপ্তাহখানেক আগে দিল্লির আগ্রার সেকেন্দারাবাদ থানা পুলিশ তাদের আটক করে। এরপর মঙ্গলবার রাতে একটি গাড়িতে করে তাদের সীমান্তে নিয়ে আসা হয় এবং বুধবার ভোরে ওই সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 























