চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। একই ঘটনায় লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মো. জসিম উদ্দিনকেও কৈফিয়ত তলব করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে সংশ্লিষ্ট আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান রূপণ কুমার দাশ এই শোকজ নোটিশ প্রদান করেন। নোটিশে আগামী সোমবার বেলা ১১টায় কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে অভিযোগের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাতকানিয়া চৌকি আদালতের নাজির আকাশ নাথ এই তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২ জানুয়ারি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে একটি প্রীতিভোজের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে প্রকাশ্যে ভোট প্রার্থনা করার অভিযোগ ওঠে। বিশেষ করে বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মো. জসিম উদ্দিন সেখানে দলীয় প্রতীকে ভোট চেয়ে বক্তব্য দেন। সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
পরবর্তীতে এই বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রাথমিক সত্যতা ও ভিডিও ফুটেজ পর্যালোচনার ভিত্তিতে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ বিষয়ে বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মো. জসিম উদ্দিন জানান, তিনি ভোট চেয়েছিলেন এটি সত্য, তবে বিষয়টি যে নির্বাচনি আচরণবিধির পরিপন্থী হতে পারে তা তার জানা ছিল না। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে নির্ধারিত সময়ে শোকজের লিখিত জবাব দাখিল করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের বিষয়ে তিনি আরও সতর্ক থাকবেন।
নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে আচরণবিধি প্রতিপালনে তারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যেকোনো ধরনের বিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 
























