বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত ও বাসভবনের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র গানম্যান এবং পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছে সরকার। উচ্চমাত্রার নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পুলিশ সদর দপ্তরকে এই নির্দেশনা বাস্তবায়নের জন্য চিঠি পাঠানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জামায়াত আমিরের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে দেখা গেছে যে, তার ওপর উচ্চমাত্রার ঝুঁকি বা হুমকি বিদ্যমান। এই প্রেক্ষাপটে তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য সশস্ত্র গানম্যান এবং বাসভবনের পাহারায় পোশাকধারী পুলিশ সদস্য মোতায়েন করা প্রয়োজন।
এর আগে, গত ১৭ ডিসেম্বর ডা. শফিকুর রহমানের জন্য সার্বক্ষণিক গানম্যান ও বাসভবনের নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল। দলের কেন্দ্রীয় দফতর সম্পাদকের পক্ষ থেকে করা ওই আবেদনটি যথাযথভাবে যাচাই-বাছাই শেষে সরকার এই নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য যে, আনুষ্ঠানিক এই প্রজ্ঞাপন জারির প্রায় দুই সপ্তাহ আগে থেকেই জামায়াত আমিরের নিরাপত্তায় একজন গানম্যান ও এক গাড়ি পুলিশ স্কোয়াড নিয়োজিত ছিল। তবে নতুন নির্দেশনায় তার বাসভবনের স্থায়ী নিরাপত্তার বিষয়টিও সুনির্দিষ্টভাবে যুক্ত করা হয়েছে। আমিরের ব্যক্তিগত সচিবালয় থেকে জানানো হয়েছে, আগে থেকেই সীমিত পরিসরে নিরাপত্তা দেওয়া শুরু হলেও বর্তমান প্রজ্ঞাপনের মাধ্যমে সেটিকে আরও সুসংহত ও কার্যকর করা হলো। মূলত চলাচলের পাশাপাশি বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করতেই সরকারের পক্ষ থেকে এই সংশোধিত নির্দেশনা দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 























