কক্সবাজার সফরে থাকা অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানকে কাছে ডেকে নিয়ে তাঁর খোঁজখবর নিয়েছেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছেন। শনিবার (১৩ জুন) জুলাই আন্দোলনে নিহত প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে ফেরার পথে প্রধানমন্ত্রী নোমানকে ডেকে নেন এবং পরে তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে নিয়ে যান। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
শহীদ ওয়াসিম আকরাম ছিলেন আবদুল্লাহ আল নোমানের কর্মী এবং জুলাই আন্দোলনে তাঁর সঙ্গে রাজপথে সক্রিয় ছিলেন। সাক্ষাৎ শেষে আবদুল্লাহ আল নোমান জানান, প্রধানমন্ত্রী তাঁর স্বাস্থ্যের খোঁজ নেওয়ার পাশাপাশি চবি ক্যাম্পাসের একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, বিশেষ করে শিক্ষার্থীদের যোগাযোগের প্রধান বাহন শাটল ট্রেনের সংকট, দুর্ভোগ এবং আবাসন সমস্যা প্রধানমন্ত্রীর নজরে আনেন। প্রধানমন্ত্রী গুরুত্ব সহকারে তাঁর কথা শুনেছেন, একান্ত সচিবকে দিয়ে বিষয়টি নোট করিয়েছেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।
রিপোর্টারের নাম 



















