জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এলাকায় অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও মাগফেরাত কামনায় এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর আশপাশের বিভিন্ন পয়েন্টে অবস্থানরত শীতার্তদের হাতে এসব বস্ত্র তুলে দেওয়া হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমির ব্যক্তিগত উদ্যোগে এই কর্মসূচি পরিচালিত হয়। তিনি নিজেই এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
শীতবস্ত্র বিতরণকালে মোস্তাফিজুর রহমান রুমি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম ও অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার আদর্শে অনুপ্রাণিত হয়েই আমরা সাধারণ ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তীব্র শীতে অসহায় মানুষের সেবা করা আমাদের নৈতিক ও মানবিক দায়িত্বের অংশ।
তিনি আরও উল্লেখ করেন, সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার যে লড়াই দেশনেত্রী শুরু করেছিলেন, ছাত্রসমাজ সেই লক্ষ্য অর্জনে রাজপথে অবিচল থাকবে। আগামী দিনেও সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে যেকোনো জনকল্যাণমূলক কাজে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। গভীর রাত পর্যন্ত ক্যাম্পাসের অদূরে সদরঘাট ও ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন এলাকায় ফুটপাতে থাকা মানুষের মাঝে এই শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়।
রিপোর্টারের নাম 

























