উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী ও ‘লালন সম্রাজ্ঞী’ ফরিদা পারভীন শুধু লালনের গানকে মর্যাদা দেননি, তিনি লালনসংগীতে নতুন প্রাণের সঞ্চার ঘটিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অচিন পাখি সঙ্গীত একাডেমির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এ কথা বলেন। এই অনুষ্ঠানটি ফরিদা পারভীনের জন্মদিন উপলক্ষে আয়োজিত হয়েছিল।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, গত শতকের সত্তরের দশকে তরুণী বয়সে ফরিদা পারভীন ‘খাঁচার ভিতর অচিন পাখি’ এবং ‘বাড়ির কাছে আরশিনগর’-এর মতো কালজয়ী গান পরিবেশনের মাধ্যমে লালনসংগীতকে এক নতুন উচ্চতায় নিয়ে যান। লালনের গান গভীরভাবে শাস্ত্রীয় ও রাগভিত্তিক সংগীতচর্চার সঙ্গে জড়িত উল্লেখ করে তিনি আরও বলেন, ফরিদা পারভীন নিজ সাধনা ও আত্মনিবেদনের মধ্য দিয়ে সেই গানকে অনন্য রূপ দিয়েছিলেন।
ফরিদা পারভীন আজীবন লালনসংগীত বিকৃত হওয়ার বিষয়ে দুঃখ প্রকাশ করতেন এবং লালনের ভাব ও দর্শন ধারণের ওপর গুরুত্ব দিতেন বলেও উপদেষ্টা জানান। তিনি মন্তব্য করেন, শুধু পোশাক পরিধান করলেই লালন হওয়া যায় না, লালনকে অন্তরে ধারণ করতে হয়।
রাষ্ট্র হিসেবে আমরা ফরিদা পারভীনের মতো গুণী শিল্পীদের জীবদ্দশায় যথাযথ মর্যাদা দিতে ব্যর্থ হয়েছি উল্লেখ করে উপদেষ্টা এটিকে রাষ্ট্রের একটি বড় ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেন। তিনি আহ্বান জানান, জীবিত শিল্পীদের সম্মান জানাতে হবে এবং প্রয়াত শিল্পীদের স্মরণ রাখতে হবে, যেন ভবিষ্যতে আর কোনো শিল্পী অবহেলার শিকার না হন।
অচিন পাখি সংগীত একাডেমির শিশু শিল্পীরা ফরিদা পারভীনের গায়কী ও ভাবধারার প্রতি গভীর নিষ্ঠার পরিচয় দিয়েছে বলেও তিনি প্রশংসা করেন। এই ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে এখান থেকেই নতুন প্রজন্মের অনেক ফরিদা পারভীন উঠে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অচিন পাখি সংগীত একাডেমির অধ্যক্ষ গাজী আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন, মাস্টার বিল্ডার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজর শিব্বির আহমাদ খান (অবসরপ্রাপ্ত) এবং ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























