ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, নিরাপত্তার অজুহাত দেখিয়ে ছাত্রসংসদ নির্বাচন বন্ধ রাখা একটি অগণতান্ত্রিক সিদ্ধান্ত, যা সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নেবে না। মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ডাকসু প্রতিনিধিদের এক বৈঠক শেষে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
সাদিক কায়েম জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও একটি বিশেষ মহলের বাধার কারণে তা অনিশ্চয়তার মুখে পড়েছে। তিনি অভিযোগ করেন, নির্বাচন না হওয়ার লক্ষ্যেই নতুন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে নিরাপত্তার দোহাই দিয়ে ছাত্রদের গণতান্ত্রিক অধিকার খর্ব করার চেষ্টা সফল হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
বৈঠকের বিষয়ে ভিপি আরও বলেন, সব ধরনের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে যেন পূর্বঘোষিত সময়েই নির্বাচন সম্পন্ন করা হয়, সে বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। এ প্রসঙ্গে কমিশন থেকে ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে আসন্ন গণভোট প্রসঙ্গে কথা বলতে গিয়ে সাদিক কায়েম জানান, সাধারণ ছাত্ররা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জোরালো প্রচার-প্রচারণা চালাবে। তিনি মনে করেন, যারা ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, তারা মূলত বিগত ফ্যাসিবাদী সরকারের অপকর্ম ও অনিয়মগুলোকে পুনরায় প্রতিষ্ঠিত করতে চায়। ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে রুখে দেবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 

























