রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী ২৫তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো এবং ৮ম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো। দীর্ঘ ২৪ বছরের ধারাবাহিকতায় টেক্সটাইল খাতের এই দুটি আন্তর্জাতিক প্রদর্শনী যৌথভাবে আয়োজন করছে কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এবং দ্যা সাব-কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রি, চায়না কাউন্সিল ফর দ্যা প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি টেক্স চায়না)।
২৮ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। এতে ১৫টিরও অধিক দেশের প্রায় ২৩০টি কোম্পানি ২৫০টির বেশি বুথ নিয়ে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। বস্ত্র ও পোশাক খাতের সংশ্লিষ্ট দেশি-বিদেশি উদ্যোক্তা, ব্যবসায়ী ও পেশাজীবীরা নিবন্ধন সাপেক্ষে প্রদর্শনীতে অংশ নিতে পারবেন।
প্রদর্শনী আয়োজন উপলক্ষে গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের মেঘনা হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রদর্শনীর বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল, ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক এর প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম। এসময় চীনের বেইজিং থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগদান করেন সিসিপিআইটি টেক্স এর সেক্রেটারি জেনারেল চেন বো এবং ডেপুটি ডিরেক্টর উ ঝিঝেন। এছাড়া, সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার শরিফুল হক এবং সেমস-বাংলাদেশ এর মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের ডিজিএম মাহমুদ রিয়াদ হাসান উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























