গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় এএ নিটসপিন লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা তাদের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন।
পুলিশ জানায়, দুপুরে কারখানার শ্রমিকরা হঠাৎ কর্মবিরতি দিয়ে বাইরে বেরিয়ে আসেন। তারা বকেয়া বেতন দাবি করে ঢাকা-ময়মনসিংহ সড়কে নেমে পড়েন। এ সময় শ্রমিকদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।
কারখানার শ্রমিক সূত্রে জানা যায়, গত সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন সময়মতো পরিশোধ করা হয়নি। এ নিয়ে একাধিকবার মালিক পক্ষের কাছে আবেদন করা হয়েছে। শ্রমিকরা গত দু’দিন আগেও কর্মবিরতি দিলে মালিকপক্ষ আজ বেতন পরিশোধের আশ্বাস দেন। কিন্তু সময়মতো বেতন না দেওয়ায় ফের শ্রমিকরা কর্মবিরতি দিয়ে সড়ক অবরোধ করেন।
শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করেছিলেন। পরে তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
রিপোর্টারের নাম 
























