নরসিংদীর বেলাবো উপজেলায় টানা বর্ষণে মাটির ঘরের দেয়াল ধসে রওশন আরা বেগম নামে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রওশন আরা ওই গ্রামের মৃত আব্দুল আজিজের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের টানা বৃষ্টির কারণে বৃদ্ধার মাটির ঘরের দেয়ালগুলো ভিজে অত্যন্ত নাজুক হয়ে পড়েছিল। ঘটনার সময় হঠাৎ একটি দেয়াল তার ওপর ধসে পড়লে তিনি নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বেলাবো থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া একই দিনে উপজেলার পাহাড় উজিলাবো গ্রামে বৃষ্টির কারণে আরও একটি বসতঘর ধসে পড়ার খবর পাওয়া গেছে, তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
টানা বৃষ্টির কারণে ঝুঁকিপূর্ণ মাটির ঘরে বসবাসকারী পরিবারগুলোকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
রিপোর্টারের নাম 
























