গাইবান্ধার সাঘাটা উপজেলায় মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা নিয়ে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিক ইয়ামিন হাসান সাঘাটা থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা স্থানীয় একটি সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি সাঘাটায় মাদকের বিস্তার এবং চুরিসহ বিভিন্ন অপরাধে কিশোর গ্যাংয়ের সংশ্লিষ্টতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় কয়েকজন যুবক গত শনিবার রাতে সাংবাদিকের কার্যালয় ঘেরাও করে। তারা সেখানে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি তাকে হত্যার হুমকি দেয়। পরিস্থিতি বেগতিক দেখে ভুক্তভোগী সাংবাদিক তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে বিষয়টি জানান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সহযোগিতা চান।
পরবর্তীতে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, সাংবাদিককে হুমকির বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ইতোমধ্যে লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে বলেও তিনি জানান।
রিপোর্টারের নাম 























