যেকোনো ভুল বোঝাবুঝি এড়াতে বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগের সব পথ উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। মঙ্গলবার নয়াদিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের নতুন সম্পর্কের সমীকরণ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জানতে চান, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে, সেটিকে ভারত কীভাবে দেখছে, বিশেষ করে যদি এটি ভারতের জন্য ‘হুমকি’ হিসেবে বিবেচিত হয়।
জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, “প্রথমত, বাংলাদেশের ক্ষমতায় কী ধরনের সরকার রয়েছে, তা আমাদের জন্য বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি যদি একটি অন্তর্বর্তী সরকার হয়, তবে তাদের গৃহীত পদক্ষেপগুলো আগামী ৪-৫ বছরের জন্য নাকি কেবল আগামী ৪-৫ মাসের জন্য—তা খতিয়ে দেখতে হবে।”
তিনি আরও যোগ করেন, “আমাদের বিবেচনা করতে হবে যে এই মুহূর্তে আমাদের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন আছে কিনা।” সেনাপ্রধানের এই মন্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং আঞ্চলিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে ভারতের সতর্ক পর্যবেক্ষণের ইঙ্গিত দেয়।
রিপোর্টারের নাম 

























