আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সকল সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহার এবং সংশ্লিষ্ট দপ্তরে ব্যানার প্রদর্শনের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মূল লক্ষ্য হলো সংবিধান সংস্কার সম্পর্কিত গুরুত্বপূর্ণ গণভোট বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি।
গত ৭ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেশের সকল মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে, ৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে একই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
নির্দেশনা অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত সরকারি চিঠি, আদেশ, প্রজ্ঞাপন, পরিপত্রসহ সকল প্রকার দাপ্তরিক যোগাযোগে গণভোটের লোগো ব্যবহার করতে হবে। একই সঙ্গে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠান প্রধানদের উদ্যোগে দুটি করে খাড়া (ভার্টিক্যাল) ব্যানার মুদ্রণ করে অফিসের সামনে দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শন করতে হবে। এর মাধ্যমে সেবাগ্রহীতা ও সাধারণ জনগণের মধ্যে গণভোট সম্পর্কে ব্যাপক প্রচারণা নিশ্চিত হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে আরও জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবগুলোর ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি অপরিহার্য বলে মনে করছে সরকার।
প্রধান উপদেষ্টার সম্মতিতেই এই নির্দেশনা জারি করা হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এই নির্দেশ যথাযথভাবে পালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 























