ভারতে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অভিযোগ করেছেন যে, স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নির্দেশ ছাড়া আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর এমন বর্বর হামলা চালানো সম্ভব নয়। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
এর আগে ভারতের লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীও একই অভিযোগ তুলেছিলেন। তিনি বলেন, গত ২০ জুলাই সংসদে অভিযানের সময় শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং পেলেট গান ব্যবহারের নির্দেশ সরাসরি অমিত শাহ দিয়েছিলেন। রাহুল গান্ধী সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি করেন। সিজেপি প্রধান দীপকে রাহুল গান্ধীর সেই বক্তব্যের সাথে একাত্মতা পোষণ করে বলেন, শিক্ষার্থীদের রক্ত ঝরানোর দায় স্বরাষ্ট্রমন্ত্রীকেই নিতে হবে।
দিল্লির যন্তর মন্তরে চলমান এই আন্দোলন নিয়ে দিল্লি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন দীপকে। তিনি অভিযোগ করেন, পুলিশ পরিকল্পিতভাবে পাথর নিক্ষেপ ও গাড়ি ভাঙচুরের নাটক সাজিয়ে আন্দোলনকারীদের ওপর চড়াও হওয়ার অজুহাত তৈরি করেছিল। তিনি আরও বলেন, বিজেপি কর্মীরাই পাথর ছুড়েছে অথচ দোষ চাপানো হচ্ছে নিরীহ শিক্ষার্থীদের ওপর।
উল্লেখ্য, ভারতে প্রশ্নফাঁস কেলেঙ্কারি নিয়ে ব্যাপক জনরোষের মুখে গত ২৫ জুলাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছে। এরপর থেকে আন্দোলনকারীরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন। দীপকের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনস্বার্থের চেয়ে দলীয় স্বার্থ রক্ষায় বেশি ব্যস্ত, যা দেশের গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।
রিপোর্টারের নাম 























