মাদরাসা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও পেশাগত জীবনে সাফল্যের পথ সুগম করতে প্রতিটি ফাজিল ও কামিল মাদরাসায় ‘ক্যারিয়ার কাউন্সিলিং সেল’ গঠনের আহ্বান জানিয়েছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। তিনি বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীরা বিসিএস, ব্যাংকিং, গবেষণা ও বিদেশে উচ্চশিক্ষার মতো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পারবে।
বৃহস্পতিবার ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত ‘মাদরাসায় উচ্চশিক্ষা: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপাচার্য আরও বলেন, মাদরাসা শিক্ষাকে আধুনিক ও কর্মমুখী করতে হলে শিক্ষকদের যেমন দায়িত্বশীল হতে হবে, তেমনি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও একাডেমিক শৃঙ্খলা নিশ্চিত করা জরুরি।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল শিক্ষা ও গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন মাদরাসার প্রধান ও গভর্নিং বডির সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা মাদরাসা শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ আলেম তৈরির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।
রিপোর্টারের নাম 
























