বিগত আওয়ামী লীগ সরকার যেভাবে মহান মুক্তিযুদ্ধকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে যেন সেভাবে ব্যবহার করা না হয়—এমন হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, জুলাইয়ের অর্জন কোনো বিশেষ ব্যক্তি বা দলের নয়, এটি পুরো জাতির সম্পদ।
বৃহস্পতিবার ডিএফপি অডিটোরিয়ামে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তথ্যমন্ত্রী বলেন, স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে গিয়ে শহীদদের যে আত্মত্যাগ, তাকে কোনোভাবেই ব্যক্তিগত ফায়দা হাসিলের হাতিয়ার বানানো যাবে না। তিনি স্মরণ করিয়ে দেন যে, ফ্যাসিবাদবিরোধী এই দীর্ঘ লড়াইয়ে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান সরকারের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অসংখ্য মানুষ অবর্ণনীয় নির্যাতন সহ্য করেছেন।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, ফ্যাসিবাদী শাসনের অবসানের পর এখন দেশ পুনর্গঠনের সময়। জুলাইয়ের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























