পাবনার চাটমোহর উপজেলায় শিক্ষার্থীদের মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান (এফএলএন) কর্মসূচি বাস্তবায়নে অবহেলার কারণে ৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক প্রধান ও সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহা. আব্দুল গনি বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের শিক্ষা নীতি অনুযায়ী ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এর আওতায় গত ৩০ জুনের মধ্যে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা রিডিং, চতুর্থ শ্রেণির গণিতের চারটি মৌলিক নিয়ম এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সাবলীল ইংরেজি রিডিং নিশ্চিত করার লক্ষ্যমাত্রা ছিল। তবে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর শিক্ষকরা এই লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় তাদের বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়েছে যে, একাধিকবার নির্দেশনা ও নিয়মিত তদারকি সত্ত্বেও শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত শিখন দক্ষতা অর্জনে শিক্ষকরা কার্যকর উদ্যোগ নিতে পারেননি। একে দায়িত্বের চরম অবহেলা হিসেবে গণ্য করে কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
শোকজপ্রাপ্ত বিদ্যালয়গুলোর তালিকায় চাটমোহর পৌর সদরের শালিখা ও দোলং সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠান রয়েছে। শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৬ সালের মধ্যে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, তারই অংশ হিসেবে এই জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























