জনপ্রশাসনকে আরও জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি দক্ষ, উদ্ভাবনী ও জনকল্যাণমুখী প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। মেধা, শ্রম ও সততার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে কর্মকর্তাদের আত্মনিয়োগ করতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর বিসিএস প্রশাসন একাডেমিতে অনুষ্ঠিত ১৪৪তম ও ১৪৫তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, বর্তমান বিশ্বের প্রশাসনিক চ্যালেঞ্জ মোকাবিলায় কেবল নথিপত্র নির্ভরতা যথেষ্ট নয়; বরং জ্ঞান ও প্রযুক্তির সমন্বয় জরুরি। এআই ব্যবহারের মাধ্যমে নীতি বিশ্লেষণ, দ্রুত সেবা প্রদান এবং দুর্নীতি প্রতিরোধে যুগান্তকারী পরিবর্তন আনা সম্ভব। সরকারি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে আরও কার্যকর করতে এআই ব্যবহারের বিকল্প নেই।
দেশের অর্থনীতির বৈচিত্র্যকরণে সেমিকন্ডাক্টর ও উচ্চপ্রযুক্তি খাতের বিকাশের ওপর জোর দিয়ে তিনি জানান, বর্তমান অর্থবছর স্টার্টআপ খাতে ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া প্রতিটি জেলার সম্ভাবনাকে কাজে লাগিয়ে উৎপাদন ও ব্র্যান্ডিং বাড়ানোর জন্য কর্মকর্তাদের উদ্ভাবনী চিন্তা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, একজন প্রশাসনিক কর্মকর্তার প্রকৃত পরিচয় তার পদবিতে নয়, বরং কর্ম ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে মানুষের জীবন সহজ করার প্রচেষ্টায় নিহিত।
রিপোর্টারের নাম 
























