ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার বাতিল আদেশের বিরুদ্ধে আপিল শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই শুনানি শুরু হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম তিন ঘণ্টার শুনানিতে ৩৬ জন প্রার্থীর আপিল নিষ্পত্তি করে ইসি, যার মধ্যে ২৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
ইসির দেওয়া তথ্য অনুযায়ী, নিষ্পত্তি হওয়া ৩৬টি আপিলের মধ্যে ২৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধতা ফিরে পেয়েছে। এছাড়া, ছয় জন প্রার্থীর আপিল না-মঞ্জুর করা হয়েছে এবং চার জন প্রার্থীকে শুনানি শেষে আরও কিছু প্রমাণপত্র দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যান্য নির্বাচন কমিশনাররাও শুনানিতে অংশ নিচ্ছেন।
উল্লেখ্য, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছিল। গত ৫ জানুয়ারি থেকে আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি শেষ হয়। এর আগে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৭২৩টি মনোনয়ন বাতিল করেছিলেন।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই আপিল শুনানি আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রথম দিন (শনিবার) ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এরপর রবিবার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর, সোমবার (১২ জানুয়ারি) ১৪১-২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
সংশোধিত নির্বাচনী তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির সময়সীমা ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত রয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। এরপর ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রিপোর্টারের নাম 






















