কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, লতিফ সিদ্দিকীর গ্রেপ্তার বর্তমান নির্বাচিত বিএনপি সরকারকে দুর্বল করার একটি গভীর ষড়যন্ত্রের অংশ। তিনি প্রশ্ন তোলেন, গত বছর কারাগারে থাকার সময় যদি কোনো নির্দিষ্ট ঘটনায় তার সম্পৃক্ততা থাকত, তবে তখনই তাকে গ্রেপ্তার করা হলো না কেন?
বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে এক শোকসভা ও কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী উল্লেখ করেন, লতিফ সিদ্দিকী ইতোমধ্যেই আদালতে জানিয়েছেন যে কোনো ধরনের বিতর্কিত কমিটির সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই। যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে দেওয়া তার বক্তব্যকেও একটি পক্ষ বিকৃতভাবে উপস্থাপন করে বিগত আওয়ামী লীগ সরকারের কাছে ভুল তথ্য দিয়েছিল বলে তিনি দাবি করেন।
লতিফ সিদ্দিকীর কারাবরণ প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, পাকিস্তান আমল থেকে শুরু করে তিনি বহুবার জেল খেটেছেন। প্রয়োজনে আবারও খাটবেন, কিন্তু দেশে ন্যায়বিচার এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থা নিশ্চিত হওয়া জরুরি। তিনি তার ভাইয়ের জামিনের জন্য আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং দেশে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
রিপোর্টারের নাম 























