সীমানা সংক্রান্ত জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে বলে যে সংবাদ ছড়িয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই দুই আসনের নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি না ছড়াতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত রাখার কোনো সিদ্ধান্ত ইসি গ্রহণ করেনি। এই সংক্রান্ত প্রচারিত সংবাদগুলো ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
এর আগে আজ সকালে কিছু গণমাধ্যমে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদের বরাত দিয়ে এই দুই আসনের নির্বাচন স্থগিতের খবর প্রকাশিত হয়। তখন জানানো হয়েছিল, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে নির্বাচনী কার্যক্রম আপাতত স্থগিত থাকবে। তবে পরবর্তীতে নির্বাচন কমিশন বিষয়টি স্পষ্ট করে জানায় যে, আদালতের কোনো নির্দেশনায় নির্বাচন স্থগিত করার কথা বলা হয়নি।
উল্লেখ্য, সীমানা পুনর্বিন্যাস নিয়ে উচ্চ আদালতের রায়ের পর গত ২৪ ডিসেম্বর একটি সংশোধিত বিজ্ঞপ্তি জারি করেছিল নির্বাচন কমিশন। পরবর্তীতে ৫ জানুয়ারি আপিল বিভাগ সেই বিজ্ঞপ্তির একটি নির্দিষ্ট অংশের ওপর স্থগিতাদেশ দেন। এই আইনি প্রক্রিয়া নিয়েই মূলত বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল।
এদিকে, সারাদেশে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি আজ শুক্রবার সকাল থেকে নির্বাচন কমিশন ভবনে শুরু হয়েছে। এই প্রক্রিয়া চলমান থাকাকালেই পাবনার দুটি আসন নিয়ে ইসির পক্ষ থেকে এই বিশেষ স্পষ্টীকরণ এল।
রিপোর্টারের নাম 

























