শুক্রবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিতব্য প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে চক্রের মূল হোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন মাহবুব হোসেন ও বিল্লাল হোসেন। তাদের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে চাকরিপ্রার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ভবনের সামনে থেকে মাহবুব হোসেনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই চক্রের মূল হোতা বিল্লাল হোসেনকে টাঙ্গাইল থেকে র্যাব গ্রেপ্তার করে।
জানা যায়, গ্রেপ্তারকৃত বিল্লাল-মাহবুব চক্র বিভিন্ন চাকরিপ্রার্থীর কাছে প্রশ্নপত্র সরবরাহ করার আশ্বাস দিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করছিল। এমন গোপন তথ্যের ভিত্তিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রশ্নপত্রের ক্রেতা সেজে মাহবুবের সঙ্গে যোগাযোগ করেন। এরপর নির্ধারিত স্থানে ফাঁদ পেতে তাকে হাতেনাতে আটক করা হয়।
মাহবুব হোসেনকে আটকের পর রাতেই শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়। এই বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মারিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, প্রশ্ন ফাঁসের চেষ্টার অভিযোগে একজন ব্যক্তিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থানায় দিয়ে গেছেন। আরেকজন আটক আছেন বলে শুনেছি, তাকে এখনও থানায় হস্তান্তর করা হয়নি। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
রিপোর্টারের নাম 

























