জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দিবাগত রাতে কক্সবাজার জেলা বিএনপির পক্ষ থেকে এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে ১৮ জানুয়ারি কক্সবাজারের পেকুয়ায় গিয়ে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন তারেক রহমান। দীর্ঘদিন পর তার এই সফরকে কেন্দ্র করে জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় নেতাকর্মীদের মতে, তারেক রহমানের এই আগমন তৃণমূলের রাজনীতির জন্য এক বিশেষ প্রেরণা হয়ে দাঁড়াবে।
এদিকে, তারেক রহমানের সফরকে কেন্দ্র করে উখিয়ার বিএনপি কর্মীরা একটি বিশেষ প্রত্যাশা ব্যক্ত করেছেন। ২০২৩ সালের নভেম্বরে উখিয়ায় নিহত দলীয় কর্মী জাগির হোসেনের পরিবারের খোঁজ নিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা। বিশেষ করে শহীদ জাগিরের দুই এতিম সন্তানের পাশে তিনি দাঁড়ালে তা নেতাকর্মীদের জন্য বড় প্রাপ্তি হবে বলে মনে করছেন স্থানীয় নেতৃত্ব।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর দেশব্যাপী শহীদদের কবর জিয়ারত ও আহতদের খোঁজখবর নেওয়ার কর্মসূচির অংশ হিসেবে এই সফর করছেন তিনি। কক্সবাজারের আগে ১১ জানুয়ারি বগুড়া এবং ১২ জানুয়ারি রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার কথা রয়েছে তার।
প্রসঙ্গত, গত বছরের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে শহীদ হন ওয়াসিম আকরাম। তিনি চট্টগ্রাম কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
রিপোর্টারের নাম 
























