চট্টগ্রামের চিহ্নিত ও শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে অবশেষে আইনের আওতায় আনা হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুরে যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ডেভিড ইমনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরে।
রাজনীতিবিদ, ডেভেলপার, ব্যবসায়ী এমনকি সাধারণ মানুষের মধ্যেও ডেভিড ইমন এক মূর্তিমান আতঙ্ক হিসেবে পরিচিতি লাভ করেছিল। বিদেশি নম্বর থেকে ফোনে চাঁদা দাবি, টাকা না দিলে গুলি চালানো, পরিবারের সদস্যদের হয়রানি এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের মতো ঘটনা ঘটিয়ে সে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তার সহযোগী সন্ত্রাসীরাও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে ডেভিড ইমনের নাম আলোচনায় আসে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর। শুরুতে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী হিসেবে পরিচিতি পেলেও ধীরে ধীরে সে নিজের একক আধিপত্য প্রতিষ্ঠা করে। যদিও এখনো সে বড় সাজ্জাদের সহযোগী হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করে।
উল্লেখ্য, ডেভিড ইমন ২৫ সালের ৩০ মার্চ নগরের বাকলিয়া এলাকার জোড়া খুন এবং একই বছরের ২৩ মে রাতে পতেঙ্গা সমুদ্রসৈকতে সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা মামলাসহ অন্তত সাতটি ফৌজদারি মামলার আসামি। তার গ্রেপ্তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি বড় সাফল্য বলে বিবেচিত হচ্ছে।
রিপোর্টারের নাম 



















