ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক অপহরণের প্রতিবাদে ঢাকায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বামপন্থী রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলো। গতকাল শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টন এলাকায় অনুষ্ঠিত এই মিছিলে অংশ নেওয়া নেতারা অভিযোগ করেন, খনিজ সম্পদের দখল নিতেই আমেরিকা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একটি সার্বভৌম রাষ্ট্রে হামলা চালিয়েছে। সমাবেশ থেকে অবিলম্বে নিকোলাস মাদুরোর মুক্তি দাবি করা হয় এবং বাংলাদেশ সরকারকে এই ঘটনার আনুষ্ঠানিক নিন্দা জানানোর আহ্বান জানানো হয়।
ভেনেজুয়েলার চলমান সংকট ও মার্কিন আগ্রাসনের প্রতিবাদে ঢাকার রাজপথে মশাল মিছিলের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের প্রগতিশীল সংগঠনগুলো। শনিবার সন্ধ্যায় পুরানা পল্টন মোড় থেকে শুরু হওয়া মিছিলটি কদম ফোয়ারা ও বিজয় নগর এলাকা প্রদক্ষিণ করে আবার পল্টনে এসে শেষ হয়।
মশাল মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক অপহরণ করার ঘটনাকে বিশ্ব মানবতার ওপর আঘাত হিসেবে বর্ণনা করেন। সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ বিশ্বব্যাপী তার আধিপত্য বজায় রাখতে অশান্তি ও যুদ্ধ জিইয়ে রাখছে। মিথ্যা অজুহাতে হামলা চালিয়ে ভেনেজুয়েলার খনিজ সম্পদ লুণ্ঠন করাই ওয়াশিংটনের মূল লক্ষ্য। তিনি আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে এই নগ্ন হস্তক্ষেপের বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সমাবেশের সভাপতি ডা. আবু সাঈদ বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ বিশ্ব মানবতার শত্রু এবং তাদের প্রতিরোধ করা প্রতিটি বিবেকবান মানুষের দায়িত্ব। তিনি বাংলাদেশ সরকারের কাছে ভেনেজুয়েলায় হামলার প্রতিবাদ জানানোর দাবি জানান। তবে বর্তমান সরকার ‘সাম্রাজ্যবাদের মদতপুষ্ট’ কি না, তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন। সমাবেশ থেকে বাংলাদেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধেও দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন উদীচী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম, গার্মেন্টস ও সোয়েটার্স ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ এবং ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা প্রমুখ। বক্তারা একযোগে বলেন, ভেনেজুয়েলার ওপর এই আঘাত আসলে বিশ্বের সব স্বাধীনতাকামী মানুষের ওপর আঘাত।
রিপোর্টারের নাম 

























