সম্প্রতি চীন দুর্লভ খনিজ রপ্তানিতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এর প্রভাবে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের এসব জরুরি খনিজ পেতে সমস্যা হচ্ছে। তবে চীনের সেই প্রভাব কমাতে এবার অস্ট্রেলিয়ার দিকে মনোযোগ দিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ খনিজ সম্পদ বিষয়ক একটি চুক্তিতে সই করেন। ৮.৫ বিলিয়ন ডলারের এই চুক্তিটিকে তাঁরা সমঝোতা হিসেবে অভিহিত করেছেন।
ট্রাম্প বলেছেন, কয়েক মাসের আলোচনার পর এটি অবশেষে সম্ভব হয়েছে। হাস্যোজ্জ্বল ট্রাম্প আরও বলেন, আগামী এক বছরের মধ্যে তাঁদের কাছে যথেষ্ট পরিমাণে এই গুরুত্বপূর্ণ খনিজ ও রেয়ার আর্থ থাকবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ বলেন, এই চুক্তি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সম্পর্ককে এক নতুন স্তরে নিয়ে যাবে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিশ্বের ৭০ শতাংশ বিরল খনিজ আহরণ এবং ৯০ শতাংশ প্রক্রিয়াজাতকরণ নিয়ন্ত্রণ করছে চীন। গত সপ্তাহে চীনের বাণিজ্য মন্ত্রণালয় ‘২০২৫ সালের ৬২ নম্বর ঘোষণা’ নামে একটি নথি প্রকাশ করে, যেখানে বিরল খনিজ রপ্তানিতে ব্যাপক নতুন বিধিনিষেধের কথা বলা হয়েছে।
এর ফলে বেইজিং বৈশ্বিক বাজারে এসব গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করল। এই খনিজগুলো প্রতিরক্ষা সরঞ্জাম, কম্পিউটার চিপ ও গাড়ি তৈরির মতো গুরুত্বপূর্ণ কাজে লাগে।
রিপোর্টারের নাম 


















