বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ‘৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশন’।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংগঠনটির সভাপতি ফারহান লাবীব জিসান এবং সাধারণ সম্পাদক মো. নিলয় রহমানের সই করা এক শোক বার্তায় এই সমবেদনা জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং আধিপত্যবাদ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতা হিসেবে বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন।
শোক বার্তায় জানানো হয়, মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।
৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশন তাদের বার্তায় উল্লেখ করে, আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা ও বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐতিহাসিক ভূমিকা পালন করেন। সর্বশেষ ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনেও তিনি সম্মুখ সারির নেতৃত্ব দিয়ে ‘বাংলাদেশের অভিভাবক’ হয়ে উঠেছিলেন।
প্রধানমন্ত্রী হিসেবে তার শাসনামলের স্মৃতিচারণ করে বার্তায় বলা হয়, সংসদীয় গণতন্ত্রের চর্চা, প্রশাসনিক কার্যক্রম, অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং অবকাঠামো উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। নারী শিক্ষা ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে তার নেওয়া সাহসী পদক্ষেপগুলো দেশের ইতিহাসে অম্লান হয়ে থাকবে।
শোক বার্তায় আরও উল্লেখ করা হয়, রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার মিথ্যা ও হয়রানিমূলক মামলায় দীর্ঘ কারাবাস ভোগ করলেও গণতন্ত্র, ভোটাধিকার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি ছিলেন সর্বদা আপসহীন। স্বামী, সন্তান ও নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে তিনি জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে যে অবদান রেখেছেন, তার জন্য তিনি বাংলাদেশের ইতিহাসের প্রধানতম চরিত্র হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।
বিবৃতিতে ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। মহান আল্লাহ তায়ালা যেন তার দেশপ্রেমকে কবুল করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, সেই প্রার্থনা করা হয়।
রিপোর্টারের নাম 

























