সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীসহ বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
বিবৃতিতে আরও বলা হয়, বিচারপতিরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং মহান রাব্বুল আলামিনের কাছে তাকে জান্নাতের সর্বোচ্চ আসনে স্থান দেওয়ার জন্য দোয়া করেন।
রিপোর্টারের নাম 

























